ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ বিপুল সামরিক ব্যয়-অত্যাধুনিক অস্ত্র, তবু হুতি হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি আরব গোয়েন্দা তালিকায় রাজধানীর ৫৪৫ শীর্ষ চাঁদাবাজ-সন্ত্রাসী বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা, তরুণী আটক সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  11:25 AM

news image

দোকানে দোকানে খুঁজেও মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও দাম চাওয়া হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকশ টাকা বেশি। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কক্সবাজারে ২ হাজার ২০০ টাকা, নরসিংদীতে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাকে। কিশোরগঞ্জে দাম উঠেছে ২ হাজার ১০০ টাকা। এরই মধ্যে সরবরাহ সংকটের সমাধান ও কমিশন বাড়ানোর দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। কিন্তু নির্ধারিত দামে সিলিন্ডার মিলছে না। কোথাও কোথাও ক্রেতাকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।


সিলিন্ডার নেই, দামও বেশি

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এমরান ফারুক অনিক দুই মাস আগে ১২ কেজির সিলিন্ডার কিনেছিলেন এক হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার গ্যাস শেষ হলে নতুন সিলিন্ডার কিনতে গিয়ে তাঁকে দিতে হয়েছে ২ হাজার ২০০ টাকা। দুই মাসে একই পরিমাণ গ্যাসের জন্য খরচ বেড়েছে ৫০০ টাকা।


অনিক বলেন, ‘আমাদের আয় খুবই সীমিত। গ্যাসের পেছনে ২ হাজার ২০০ টাকা ব্যয় করায় সংসার চালাতে অনেক কষ্ট হবে। এখন বাজার-সদাই করতেও সমস্যা হবে।’

কক্সবাজার সদর থানার পেছনের সড়কে চায়ের দোকান চালান সিজল দে। দুদিন আগে তিনিও ২ হাজার ২০০ টাকায় একটি সিলিন্ডার কিনেছেন। শহরের বাহারছড়া, নুনিয়াছড়া, কলাতলী, আলীর জাহাল, জেলগেট, পেশকারপাড়া, নুরপাড়া ও বাস টার্মিনাল এলাকায় খোঁজ নিয়ে বাড়তি দামে বিক্রি এবং অনেক দোকানে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।


নরসিংদীর বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার থেকে ৭ হাজার ২০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।


নরসিংদীর ফুডজোন রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম জানান, সপ্তাহখানেক আগে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার টাকায় কিনেছিলেন। মঙ্গলবার কোথাও গ্যাস পাননি।


কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা বিজন কুমার সরকার জানান, আগে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা থাকলেও তাঁকে কিনতে হতো ১ হাজার ৬৫০ টাকায়। এখন দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও বিক্রেতারা চাইছেন ২ হাজার ১০০ টাকা।


সরবরাহ কমার অভিযোগ

এলপিজি ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় সংকট তৈরি হয়েছে। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির দাবি, গত ২০ সেপ্টেম্বরের পর আমদানিকারকরা সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমিয়েছেন। ২৫ সেপ্টেম্বরের পর কয়েকটি ডিপো থেকেও সরবরাহ বন্ধ রয়েছে।

কক্সবাজার এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি সিরাজুল হক জানান, ৬ অক্টোবর ডিলারের কাছ থেকে তিনি প্রতি সিলিন্ডার কিনেছেন ২ হাজার ৫০ টাকায়, যা সরকার নির্ধারিত খুচরা দামের চেয়ে বেশি। বিক্রি করছেন ২ হাজার ২০০ টাকায়। জেলা এলপিজি সমিতির সভাপতি সরওয়ার আলমের অভিযোগ, কোম্পানিগুলো নির্ধারিত দামে ডিলারদের গ্যাস দিচ্ছে না। বেশি দামে সিলিন্ডার কিনলেও ভাউচার দেওয়া হচ্ছে না। 


তবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) দাবি করেছে, দেশে এলপিজি আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। নির্ধারিত দামের বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সংগঠনটি।


কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, বাজার তদারকির পাশাপাশি নিয়মিত অভিযান চলছে। এলপিজি সরবরাহকারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।


ধর্মঘটে বাড়বে ভোগান্তি

গত সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটির সভাপতি মো. সেলিম খান জানান, পরিবেশকদের কমিশন সিলিন্ডারপ্রতি ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ করতে হবে। এ ছাড়া চালানে প্রকৃত মূল্য উল্লেখ, পরিবহন ভাড়া দেওয়া, অযৌক্তিক জরিমানা বন্ধসহ আরও ছয়টি দাবি রয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। খাত-সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ সংকটের মধ্যে দুদিনের ধর্মঘট কার্যকর হলে ভোগান্তি বাড়বে সাধারণ ক্রেতাদের। 


সূত্র : দৈনিক সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম