আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, 9:49 PM
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, 9:49 PM
আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ভবনের ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার প্রাঙ্গনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীগনের উপস্থিতিতে ওয়াশরুম তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।
র্যাব-৪, সিপিসি-২ এর এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।