আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা জেলা পরিষদের
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, 11:15 AM
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, 11:15 AM
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা জেলা পরিষদের
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসার পাঠাগার পুননির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার রাতে মাদ্রাসা পরিদর্শন করে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মাদ্রাসায় অনুদানের আশ্বাস দেন। একই সাথে তিনি দোয়া মাহফিলে অংশ নেন।
মামুন মাহমুদ বলেন, পাঠাগারটি গত ২০ থেকে ২৫ বছরে গড়ে তোলা দুর্লভ সংগ্রহশালা ছিল। সেখানে মূল্যবান হাদিস ও ধর্মীয় বই ছিল, যেগুলোতে আলেম-ওলামারা গবেষণা করতেন এবং শিক্ষার্থীরা জ্ঞানচর্চা করতেন। আগুনে পাঠাগারটির ক্ষতি হওয়া অত্যন্ত দুঃখজনক। এখানে ক্ষতির পরিমাণ অনেক। জেলা পরিষদের মাধ্যমে পাঠাগারটি পুনর্গঠন ও পুননির্মাণে কমপক্ষে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
আহত শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ৭০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থী ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এখনও আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় আছেন।
পরিদর্শনকালে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।