অতীতে একটি মহলকে সুবিধা দেয়ায় জ্বালানি ও বিদ্যুতের সমস্যা তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট, ২০২৬, 1:53 PM
নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট, ২০২৬, 1:53 PM
অতীতে একটি মহলকে সুবিধা দেয়ায় জ্বালানি ও বিদ্যুতের সমস্যা তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী
একটি চক্র সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সরকার সব পরিস্থিতি মোকাবিলা করছে বলেও জানান তিনি।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট ভোগ করছে। সেটা সরকার একবারও অস্বীকার করেনি। সামগ্রিকভাবে একটি ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’
তিনি বলেন, ‘গ্যাস, জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে অতীতে অপরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া হয়েছিল। একই সঙ্গে কোনো কোনো মহলকে সুবিধা দিতে নেওয়া হয়েছিল নানা নীতি। এর খেসারত এখন পুরো দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।’
অপরিকল্পিত এসব পরিকল্পনার কারণে জ্বালানি খাত আজ সংকটের মুখে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। কীভাবে জ্বালানি খাতকে সঠিক পরিকল্পনার মাধ্যমে পুনর্গঠন করা যায় এবং দেশ ও দেশের মানুষকে ধীরে ধীরে এই সংকট থেকে বের করে আনা যায়, সে লক্ষ্যেই কাজ চলছে।
তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব ‘‘ই-হেলথ কার্ড’’ চালু করতে চেষ্টা করছি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।’
সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব চিকিৎসকের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য আর কাউকে বিদেশমুখী হতে হবে না।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।